উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম টানা তৃতীয় মাসের মতো কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য নির্ধারিত নতুন দরে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের মূল্য হ্রাস করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।
নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে জুন মাসেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। সে সময় প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১৫০ টাকা ২১ পয়সা। সর্বশেষ সিদ্ধান্তে সেই দামের তুলনায় আরও ১৯ টাকা ২২ পয়সা কমানো হলো।
চলতি বছরের মার্চ ও এপ্রিলে জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি করা হয়। পরে ৭ এপ্রিলও জ্বালানিটির দাম বাড়ানো হয়েছিল।
তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করলে দেশেও ধাপে ধাপে জেট ফুয়েলের মূল্য কমানো হয়। মে মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। এরপর জুনে তা কমে দাঁড়ায় ১৫০ টাকা ২১ পয়সায়।
সর্বশেষ জুলাই মাসের নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে টানা তৃতীয় মাসের মতো জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
